ডেলের শেয়ার মূল্যে ৪ শতাংশ প্রবৃদ্ধি

১ সেপ্টেম্বর, ২০২৪ ২০:২৯  

নিজেদের এআই-ভিত্তিক সার্ভারের উচ্চ চাহিদার প্রেক্ষিতে ডেলের শেয়ারে ৪ শতাংশ ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেছে। সার্ভারের বাজারে ডেলের শক্তিশালী পারফর্মেন্স এবং আয়ের নতুন লক্ষ্যমাত্রা নির্ধারণের পর গত শুক্রবার এই শেয়ার মূল্য বৃদ্ধি পায়। খবর রয়টার্স ও ইনডিপেনডেন্ট।

মাঝারি ব্যবসায়ীদের অনেকেই ডেলের এআই-ভিত্তিক এন্টারপ্রাইজ সার্ভার দিয়ে নিজেদের সিস্টেমে এআই সক্ষমতা নিয়ে এসেছে।

ডেলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেফ ক্লার্ক বলেছেন, “এন্টারপ্রাইজ (সেগমেন্ট) আমাদের জন্য বিশাল এক সুযোগ, কারণ আমরা এখনও এআই প্রযুক্তি গ্রহণে একেবারে প্রাথমিক পর্যায়ে আছি।”

চলতি বছর ডেলের এআই সার্ভারগুলোর চাহিদা বৃদ্ধি পেয়েছে উল্লেখযোগ্য হারে। বিশেষ করে এআই-ভিত্তিক সিস্টেমের জন্য জন্য যে উচ্চ কমপিউটেশনাল সক্ষমতার প্রয়োজন হয় সেটা ডেলের এই সার্ভারগুলো খুব ভালোভাবেই পূরণ করতে পারছে।

আর এই এআই-ভিত্তিক সার্ভারগুলোর আকাশছোঁয়া চাহিদার শক্তিতেই বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন সময়ে) ডেলের আয় ৩৮ শতাংশ বৃদ্ধি পেয়ে ১১.৬৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে। ফলে প্রতিষ্ঠানটি চলতি বছরের নিজেদের আয়ের লক্ষ্যমাত্রাও বৃদ্ধি করেছে।

২০২৪ সালে ডেলের বার্ষিক আয়ের লক্ষ্যমাত্রা এর আগে ছিলো ৯৩.৫ থেকে ৯৭.৫ বিলিয়ন ডলার। বর্তমানে তাঁদের লক্ষ্য ৯৫.৫ থেকে ৯৮.৫ বিলিয়ন ডলার। ডেলের শেয়ার প্রতি মুনাফার পূর্বাভাসও বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৭.৮০ ডলার। উল্লেখ্য, চলতি বছর শেয়ার বাজারে ডেলের বাজার মূল্য ৪৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

ডিবিটেক/বিএমটি